রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে বাস্তবায়নাধীন বৃহৎ পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় পৌঁছে তিনি ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)-এর আওতায় চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্টের পিকে-১৭ অংশে প্রকল্পের অগ্রগতি ও নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে সকাল ১১টার দিকে মন্ত্রী রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে অবস্থিত অত্যাধুনিক পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন করেন। দৈনিক ৫০ কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতাসম্পন্ন এ শোধনাগার রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের বিভিন্ন স্থাপনা, আধুনিক পানি শোধন প্রযুক্তি, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। প্রকল্প কর্মকর্তারা তাকে নির্মাণকাজের অগ্রগতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
পরিদর্শন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান নগরায়ন ও জনসংখ্যার চাহিদা পূরণে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ডিইএসডব্লিউএসপি প্রকল্প পরিচালক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পুরোপুরি চালু হলে রাজধানী ঢাকার পানি সরবরাহ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে এবং লাখো মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত পানির নিশ্চয়তা আরও শক্তিশালী হবে।