ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব সোনাবাজু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কুয়েত প্রবাসী মো. জাহিদ হোসেন (৩৫) নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সোনাবাজু জামে মসজিদের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন শিকারীপাড়া ইউনিয়নের পূর্ব মনিকান্দানি গ্রামের মো. জলিলের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়েতে কর্মরত ছিলেন এবং তিন দিন আগে দেশে ফিরেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বালুভর্তি একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জাহিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।