চাঁদপুরের হাজীগঞ্জে একটি বেসরকারি হাসপাতাল প্রকল্পে বিনিয়োগ করা শতাধিক মানুষের অর্থ আত্মসাৎ, জালিয়াতি, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
তারা দাবি করেছেন, প্রায় ২শ ৬৬ জন বিনিয়োগকারীর ১৮ কোটি টাকারও বেশি বিনিয়োগ ঝুঁকির মুখে রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিনিয়োগকৃত অর্থ ফেরতের দাবি জানিয়েছেন তারা।
সোমবার দুপুরে হাজীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযোগকারী মো. কবির হোসেন লিটন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২ সালে যৌথ মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত ‘মডেল হসপিটাল’ প্রকল্পে তিনি ও তার স্ত্রী মরিয়ম বেগম ৬০ লাখ টাকা বিনিয়োগ করেন। প্রকল্পটি যৌথ মালিকানায় পরিচালিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে মো. আলমগীর কবির পাটোয়ারী বিনিয়োগকারীদের সঙ্গে বিশ্বাসভঙ্গ করে হাসপাতালটি নিজের একক মালিকানাধীন প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের সাবেক ও বর্তমান মোতাওয়াল্লীদের যোগসাজশে বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ, জালিয়াতি, হয়রানি এবং মিথ্যা মামলার মাধ্যমে বিনিয়োগকারীদের চাপের মুখে রাখা হচ্ছে। এতে অনেক বিনিয়োগকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক হয়রানিরও শিকার হচ্ছেন বলে দাবি করা হয়।
ভুক্তভোগীরা জানান, মডেল হসপিটাল প্রকল্পে মোট ২শ ৬৬ জন ব্যক্তি প্রায় ১৮ কোটি টাকা বিনিয়োগ করেছেন। দীর্ঘ সময় পার হলেও অধিকাংশ বিনিয়োগকারী তাদের বিনিয়োগের যথাযথ হিসাব, লাভের অংশ কিংবা অর্থ ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক ভুক্তভোগী তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, প্রকল্পে বিনিয়োগের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে তারা অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে দিন কাটাচ্ছেন।
তাদের দাবি, প্রকল্পের আর্থিক লেনদেন, মালিকানা পরিবর্তন এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করা হোক।
এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী পরিবারগুলো দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং বিনিয়োগকারীদের ন্যায্য পাওনা দ্রুত উদ্ধার করে দেওয়ার দাবি জানিয়েছেন।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের আওতাধীন বিজনেস পার্ক মার্কেটের কয়েকটি ফ্লোরে বর্তমানে মডেল হসপিটালের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তবে, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।