সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সুশীলগাতী এলাকায় অভিযান চালিয়ে ২৫৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাবের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুশীলগাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে মোঃ সাইদুল খান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দেবহাটা উপজেলার সুশীলগাতী এলাকার মৃত এরশাদ আলী খানের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ফেন্সিডিল ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, সমাজ থেকে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকবিরোধী অভিযানে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।