কুড়িগ্রামের চিলমারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বৈঠক করছে এমন অভিযোগে এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে লিফলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার।
পুলিশ জানায়, রবিবার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী বহরেরভিটা এলাকা থেকে আব্দুর রাজ্জাক মিলনকে গ্রেপ্তার করা হয়। তিনি থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসময় তার কাছ থেকে ৫টি দলীয় লিফলেট ও একটি বাঁশের লাঠি জব্দ করা হয় বলে পুলিশ দাবি করেছে। অভিযানের সময় আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।
ওসি নয়ন কুমার বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপনে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।