ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ, নানাকে কুপিয়ে হত্যা

author
ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ৫:২০
ad003
যশোরের ঝিকরগাছায় ইমামুল হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুন) আনুমানিক রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার স্বরণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফরাসাতপুর গ্রামের মৃত রহিম সর্দারের ছেলে।

নিহতের ভাগ্নে সাদ্দাম হোসেন জানান, নাতনি সুমাইয়াকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলো ফরাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দেয়। এ ঘটনার প্রতিবাদ করায় রাব্বি ও তার সহযোগীরা ইমামুলের ওপর ক্ষুব্ধ হয়।

রবিবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার স্বরণপুর গ্রামের বাজারে গেলে মফিজুরের ছেলে রাব্বির সাথে দেখা হলে নাতনির উত্ত্যক্ত বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে তাদেরকে সরিয়ে দেন, এরই জেরে সোমবার রাতে স্বরণপুরে বাজার করতে গেলে রাব্বি ১৮, রবিউল ৪০, হুসাইন২৫, রাকিব ২০ ও মেহেদীসহ কয়েকজন ইমামুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাঃ বিচিত্র মল্লিক জানান, ইমামুলকে হাসপাতালে আনার পরে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ কেন্দ্র করে ইমামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT