ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

author
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ১০:৪৪
ad003
মাগুরার মহম্মদপুরে বীজ ও সার ডিলারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় উপজেলার বিনোদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন মেয়াদের সিল মেরে বিক্রি এবং কৃষকদের সাথে প্রতারণার দায়ে মেসার্স সাহা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি আগামী ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার (০৯ জুন) বেলা ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে এই শাস্তি দেয়া হয়েছে।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে বিনোদপুর বাজারের বীজ, কীটনাশক ও সারের দোকান মেসার্স সাহা ট্রেডার্সে তদারকি করার সময় অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মেয়াদোত্তীর্ণ কীটনাশকের আসল মেয়াদ মুছে দিয়ে ২০২৭ সাল পর্যন্ত নতুন মেয়াদের সিল মেরে তা কৃষকদের কাছে বিক্রি করছিল। শুধু তাই নয়, ২৩০ টাকার কীটনাশকের গায়ের দাম পরিবর্তন করে লেখা হয়েছিল ২৮০ টাকা। 

এছাড়া বিভিন্ন বেনামি কোম্পানির অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ ও কীটনাশক এনে তারা নিজেরা সিল মেরে বিক্রি করে আসছিল। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় এবং এমন প্রতারণামূলক অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে দোকানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশও দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা অফিসের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, অভিযান চলাকালে স্থানীয় একাধিক কৃষক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারিত হওয়ার অভিযোগ তোলেন। কৃষিপ্রধান এই অঞ্চলে কৃষকদের সাথে প্রতারণা বরদাশত করা হবে না। জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT