কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্র-জনতার হাতে আটক তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পর মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের কেনু খলিফার ছেলে রতন মিয়া, আসাদ মোড়লের ছেলে শাফল এবং গিয়াস উদ্দিনের ছেলে ফারজুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত ওই তিন ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ ছিল এলাকাবাসীর। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে চরপলাশ গ্রামে ছাত্র-জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
পরে রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসংক্রান্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।