নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত পার্টনার প্রকল্পের এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণ, উত্তম কৃষি চর্চা (জিএপি), মাটির স্বাস্থ্য পরীক্ষা, সুষম সার ব্যবহার এবং বালাইনাশকের নিরাপদ প্রয়োগ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল ফসলের জাত ও প্রযুক্তি সম্প্রসারণ এবং মানসম্মত চারা উৎপাদন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রোগ্রামের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিয়াজউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে।