ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

author
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ দুপুর ৩:১৯
ad003
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থী ও যুবকের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়েরের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্ত মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের গাজীর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার ফলগাছা গ্রামে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কারবার ও সেবন চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী ও যুবক মাদকবিরোধী কার্যক্রম শুরু করলে তাদের সঙ্গে কথিত মাদক ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করতে গেলে তারা হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ফারুক নামের এক ব্যক্তি ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে ছিনতাই মামলা দায়ের করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, মাদক প্রতিরোধে সক্রিয় যুবকদের হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হলে ভবিষ্যতে কেউ এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত হবে না। তারা দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত মাদক কারবারিদের গ্রেপ্তার এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সামিউল ইসলাম, জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বাদশা, মাওলানা শফিকুল ইসলাম শামীম, আব্দুর রাজ্জাক, বিপ্লব মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে অভিযুক্ত ফারুক সরকার তার বিরুদ্ধে ওঠা মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT