নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশ পাইপ এলাকায় সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্য অপসারনের কাজে নিয়োজিত ট্রাক চাপায় বিএনপির ২ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন দশ পাইপ এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক চাপায় নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহতরা মোটরসাইকেল যোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ হতে রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির দিকে আসছিলেন। চলন্ত পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছালে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাকের সাথে সংঘর্ষ লেগে গাড়ির নিচে পিষ্ট হয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতরা ছাত্রদল ও যুবদলের নেতা। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক চালকে আটকের বিষয়ে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি এবং নিহত যুবদল ও ছাত্রদল নেতার পরিবারকে শান্তনা দিয়ে এসেছি। সিটি নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।