নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা জজ আদালত সড়কে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সভাপতিত্বে ও সদস্য সচিব মো: হারুনুর রশিদ আজাদের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরন, সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, কিশোর গ্যাং সংস্কৃতি দেশের বিভিন্ন অঞ্চলের মতো নোয়াখালীতেও উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, পারিবারিক অবহেলা এবং নৈতিক শিক্ষার অভাবের কারণে নিষিদ্ধ সংগঠন আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের ব্যানারের আড়ালে কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব গ্যাংয়ের সদস্যরা চাঁদাবাজি, মারামারি, ছিনতাই, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধে জড়িত হয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী অপতৎপরতা চালিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে। তারা সামাজিক বিভেদ সৃষ্টি, গুজব ছড়ানো এবং উগ্রবাদী চিন্তাধারা বিস্তারের মাধ্যমে তরুণদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এসব সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিশ আজাদ বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। যারা রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি আরোও বলেন, একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়।সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং উগ্রবাদবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলা এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান তিনি।
পরে জেলা একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা মাদক, সন্ত্রাস, নিষিদ্ধ সংগঠন, গুপ্ত ও কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।