নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে আশিক (২০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার শিবগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিক গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কর্মরত আশিক ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে কয়েকজনের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
দীর্ঘ সময় ধরে তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয়দের সহায়তায় প্রথমে নদীতে জাল ফেলে তল্লাশি চালানো হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে ডুবুরিদল আশিকের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঈদের আনন্দের মধ্যেই তরুণ গার্মেন্টস কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।