ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী ও নারীবান্ধব দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়নে কয়রায় কর্মশালা

author
কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ সকাল ১১:৩৬
ad003
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় খুলনার কয়রায় ‘প্রতিবন্ধীত্ব অন্তর্ভুক্তিমূলক এবং জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠী ঝুঁকি নিরূপণ (সিআরএ) ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা (আরআরএপি)’ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে এবং ডিআইডিআরআরএম কল প্রোগ্রাম প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তি ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর ও বাস্তবসম্মত ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়ন করা।

কর্মশালায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ। এতে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, প্যানেল চেয়ারম্যান বিভূতি ভূষণ রায়, ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা, মাওলানা মাসুদুর রহমান, প্রতিবন্ধী প্রতিনিধি আবু মুছা ও শরিফুল ইসলাম মিল্টনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।

কর্মশালার শুরুতে মহারাজপুর ইউনিয়নে পরিচালিত দুর্যোগ ঝুঁকি নিরূপণের (সিআরএ) হালনাগাদ তথ্য মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন কারিতাসের ডিআইও ফাতেমা খাতুন ও রোমিও বিশ্বাস। পরে কারিতাস মহারাজপুর প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. রাসেল ইসলাম সেফগার্ডিং পলিসি এবং আইসিএফআরএম মেকানিজম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সরকারি কর্মকর্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তিদের সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণ ও তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মহারাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সুতির অফিস সংলগ্ন প্রতাপস্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যাতায়াতের সুবিধার্থে একটি ড্রাম সেতু নির্মাণ এবং মহারাজপুর-দশালিয়া সড়ক দ্রুত নির্মাণের দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, দুর্যোগের সময় সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকেন প্রতিবন্ধী ব্যক্তি ও নারীরা। তাই তাদের মতামত, প্রয়োজন ও স্থানীয় অবকাঠামোগত সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে প্রস্তুত করা ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ও টেকসই ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাসের ডিআইডিআরআর প্রকল্পের কর্মকর্তা মো. হাসিবুল হোসেন টুটুল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্প কর্মী শিমসন রোমিও বিশ্বাস ও অনিক ত্রিপুরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT