ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোগী দেখার সময় হাতেনাতে ধরা, মোহনগঞ্জে দুই ভুয়া চিকিৎসককে জরিমানা

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ দুপুর ১২:০২
ad003
নেত্রকোণার মোহনগঞ্জে চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তাদের রোগী দেখার প্রমাণ পাওয়ার দাবি করেছে প্রশাসন।

বুধবার পৌরশহরের দৌলতপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়ে ওঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক শনাক্তে বিশেষ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানকালে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় মনির আলম সূর্যকে ২০ হাজার টাকা এবং আদর্শ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় শাহনাজ ইসলাম মিমিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্র জানায়, জরিমানাপ্রাপ্ত ওই দুই ব্যক্তি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধিত চিকিৎসক নন। তবে বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। তাদের বিরুদ্ধে আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোগী দেখার প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কিংবা ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা প্রদান না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অলক কান্তি তালুকদারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় মোহনগঞ্জ থানার পুলিশও অংশ নেয়।

এম এ কাদের বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনোভাবেই জনগণের সঙ্গে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT