ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের খোঁজ রাখুন, অপরাধ কমবেঃ মোহনগঞ্জে পুলিশ সুপার

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ দুপুর ১২:০৫
ad003
সমাজ থেকে মাদক, জুয়া, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নেত্রকোণার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিট পুলিশিং কার্যালয় পরিদর্শনকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং অপরাধ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অনেক সময় মানুষ গৃহপালিত পশু-পাখি হারিয়ে গেলে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করেন। অথচ সন্তানেরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে—সেসব বিষয়ে পর্যাপ্ত নজরদারি থাকে না। সন্তানদের প্রতি দায়িত্বশীলতা ও নিয়মিত খোঁজখবর রাখার মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, কিশোর অপরাধ, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য ও সহযোগিতা দেওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

এ সময় বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাব্বির রহমান, মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন, পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, বিট অফিসার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই আজগর আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT