নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) 'ভার্বাল অটোপসি' (Verbal Autopsy) কার্যক্রম গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক দিনব্যাপী অবহিতকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক সভা (Sensitization Meeting) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) এবং আড়াইহাজার উপজেলা হেলথ কমপ্লেক্স (UHC) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সমগ্র প্রক্রিয়াটিতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে মন্ত্রিপরিষদ বিভাগের সিআরভিএস (CRVS) সচিবালয় এবং আন্তর্জাতিক সংস্থা 'ভাইটাল স্ট্র্যাটেজিস' (Vital Strategies)।
অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মূলত মাঠ পর্যায়ে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে 'ভার্বাল অটোপসি' বা মৌখিক ময়নাতদন্তের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে যেসব ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ ছাড়াই কোনো ব্যক্তি মারা যান, সেসব ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাক্ষাৎকার ও লক্ষণের ওপর ভিত্তি করে বৈজ্ঞানিক উপায়ে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করার বিষয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়। সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও নীতিনির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলার স্বাস্থ্য পরিদর্শক নাজনীন আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শকগন ও মাঠ পর্যায়ের বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।