আগামী ১৭ জুন মৌলভীবাজারের দুই উপজেলায় সফরে এসে পৃথকভাবে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান । এ উপলক্ষে জেলার শ্রীমঙ্গল ও রাজনগরে সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও বিএনপি নেতারা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় জেলা বিএনপি'র উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ১৭ জুন ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের আওতায় উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং কারিগরি বিষয়াদি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।