বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার। মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক তত্বাবধানে ডিবির এসআই মো: ছগির হোসেনের নেতৃত্বে এ মাদক উদ্ধার হয়। বুধবার (১০ জুন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার আশিক সাঈদ যোগদানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তার সার্বিক তত্বাবধানে শুরু হয় মাদক উদ্ধার। এরই ধারাবাহিকতায় মেট্রো ডিবির এসআই ছগির হোসেনের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাতে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকার কাদের মহুরীর গলিতে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোঃ সাইদুল ইসলাম ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্তের মালিকানাধীন দুইতলা টিনশেড ঘরের ২য় তলায় তল্লাশি চালিয়ে একটি চটের বস্তা ও কালো রংয়ের চারটি ট্রাভেল ব্যাগের মধ্যে বিশেষ কৌশলে সংরক্ষিত সর্বমোট ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনার পর বালুরমাঠ এলাকার আশেপাশে ব্যাপক অভিযান পরিচালনা করা হলেও আর কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, প্রাথমিক তথ্যে ও স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় পলাতক আসামী মোঃ সাইদুল ইসলাম ও মোসাঃ নিলুফা বেগম নিলু এবং তাদের সহযোগী ৫/৬ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে বরিশাল শহরের কেডিসি বালুর মাঠ বস্তিসহ আশপাশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের সদস্যগণ অনেক দিন যাবৎ তাদের গতিবিধি নজরদারি করে আসছিল। অতঃপর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।