ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে মাদকসহ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

author
​চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ৬:৪২
ad003
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে লেবুচাঁন বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬  মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার ( ​১০ জুন) সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ; চুনারুঘাট থানা পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কালিনগর এলাকায় একটি যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে কালিনগর এলাকার মৃত কাছম আলীর মেয়ে মোসাঃ লেবুচাঁন বেগমকে হাতেনাতে আটক করা হয়। 

এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ​আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) (১৬) ধারা অনুযায়ী অপরাধী সাব্যস্ত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৬  মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

​আলামত বিনষ্টকরণ,উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদির মধ্য থেকে মামলার প্রয়োজনীয় কিছু অংশ আলামত হিসেবে সংরক্ষণের জন্য রেখে, অবশিষ্ট সমস্ত মাদকদ্রব্য ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ​

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান  চুনারুঘাট উপজেলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান সর্বদা অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT