ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সহায়তায় স্বাবলম্বিতার পথে প্রান্তিক জনগোষ্ঠী

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ৭:৪৪
ad003
নেত্রকোণার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবারের মাঝে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারের বিশেষ প্রকল্পের আওতায় দেওয়া এ সহায়তা তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের হাতে দুইটি টিন, চারটি সিমেন্টের খুঁটি ও পাঁচ পিস ফ্লোরম্যাট তুলে দেওয়া হয়। এর আগে একই প্রকল্পের আওতায় তাদের প্রত্যেককে দুইটি করে ছাগল দেওয়া হয়েছিল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফুল কবীর, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মাঠকর্মী অচিন্ত হাজং, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকায়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। প্রাণিসম্পদভিত্তিক কর্মকাণ্ডের পাশাপাশি আবাসন সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সহজ করবে।

সুফলভোগীরা জানান, ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী পাওয়ায় তাদের পরিবারে নতুন আশার সঞ্চার হয়েছে। এসব সহায়তা আয় বৃদ্ধি ও বসবাসের পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার বলেন, সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। ধারাবাহিক সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ চলছে।

প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের আওতায় বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT