ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের উজান বৈলর এলাকায় সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে মৎস্য খামার তৈরি করার অভিযোগে লুৎফর রহমান মিলন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
অপরাধের বর্ণনা দিয়ে বৈলর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে অভিযুক্তের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশশ্রম কারাদন্ডসহ সর্বমোট ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আসামীকে সাজা পরোয়ানামূলে ত্রিশাল থানা অফিসার ইনচার্জের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন ত্রিশাল থানা ও বৈলর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ ব্যাপারে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, মৎস্য খামার তৈরির মাধ্যমে অবৈধভাবে সরকারি রাস্তা বা জায়গা দখল বা ক্ষতি সাধনের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত রাখবে।.