ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঠে নামার আহ্বান — ওসি আল মামুন

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ৯:৫১
ad003
মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার ১০ নং রৌহা ইউনিয়নের চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, মো. আজিজুর রহমান হানিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি, নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার, সভাপতি, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) নেত্রকোণা জেলা কমিটি এবং সাংগঠনিক সম্পাদক, মানস কেন্দ্রীয় কমিটি।

এ ছাড়া উপস্থিত ছিলেন, চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল, রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন, রৌহা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর মোমেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. জহির রায়হান সবুজ, মো. আনিসুর রহমান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ওসি মো. আল মামুন সরকার বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদকের কারণে মানুষের বিবেকবোধ নষ্ট হয়, অপরাধপ্রবণতা বৃদ্ধি পায় এবং অনেক মেধাবী তরুণ তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ হারিয়ে ফেলে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খারাপ সঙ্গ পরিহার করতে হবে, অপরিচিত কারও দেওয়া কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না এবং মাদকসংক্রান্ত কোনো তথ্য পেলে দ্রুত শিক্ষক, অভিভাবক বা পুলিশকে জানাতে হবে।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। বাল্যবিবাহের ফলে শিক্ষাজীবন ব্যাহত হয়, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর ঝুঁকি বাড়ে এবং সমাজের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। 

এ বিষয়ে শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই সবচেয়ে বড় শক্তি। আগামী দিনের নেতৃত্ব তাদের হাতেই। তাই দেশ ও সমাজের কল্যাণে নিজেকে সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা মাদককে ‘না’ বলা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে শপথ গ্রহণ করেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT