ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পুশইন ঠেকাতে

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী এলাকায় রাতের বেলায়ও বিজিবির সতর্কতামূলক মাইকিং

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ দুপুর ১২:২৯
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পুশইন ঠেকাতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে রাতের বেলায়ও সতর্কতামূলক মাইকিং করছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা, আখাউড়া উপজেলার একাংশ এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গত কয়েকদিন ধরে এ মাইকিং চলছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেয়া কথা বলা হচ্ছে মাইকিংয়ে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে বিদ্যমান পরিস্থিতিতে বিজিবির টহল কার্যক্রম আগের চেয়ে আরো বেশি জোরদার করা হয়েছে। এর মধ্যে ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। 

এ বিষয়ে জনসাধারণও বিজিবিকে সহযোগিতা করছে। তিনি জানান, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ পুশইন প্রতিরোধসহ মাদক ও পণ্যচোরাচালন ঠেকাতে বিজিবি সদস্যরা সদা তৎপর রয়েছেন। এছাড়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো অবস্থাতেই ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধ পুশইন করতে দেয়া হবে না।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা, আখাউড়া উপজেলা ও বিজয়নগর উপজেলায় প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে। অতীতে এসব সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT