ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি’র অভিযানে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

author
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ ভোর ৪:৩২
ad003
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, পুশ-ইন প্রতিরোধ এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ১১ জুন রাতে কুলাউড়া উপজেলার মুড়াইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি’র একটি টহল দল। অভিযানের সময় এক চোরাকারবারিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবি’র কঠোর অবস্থান অব্যাহত থাকবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT