শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে এগিয়ে নিতে নেত্রকোণার কলমাকান্দায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করে। এসব প্রকল্প ঘুরে দেখেন অতিথি ও বিচারকরা।
বিচারকদের মূল্যায়নে কলমাকান্দা সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম, আনন্দপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং লেংগুরা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উল্লেখ্য, সম্প্রতি ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের একই ধরনের প্রতিযোগিতায় কলমাকান্দার প্রতিনিধিরা দ্বিতীয় স্থান অর্জন করে সাফল্যের স্বাক্ষর রাখেন।