র্যাগিংয়ের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের সামনে অবস্থিত রিমা চত্বরে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২৫ ব্যাচ কর্তৃক ২৬ ব্যাচের শিক্ষার্থীদের র্যাগিং দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক একটি পেজে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন নবীন শিক্ষার্থীকে ঘিরে সিনিয়র শিক্ষার্থীরা বিভিন্নভাবে প্রশ্ন করা, উচ্চস্বরে ধমক দেওয়া এবং বিব্রতকর পরিস্থিতিতে ফেলার মতো আচরণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসে নিরাপত্তা ও সুস্থ শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ ইসলাম জানান," নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হাবিপ্রবি ছাত্রদল সর্বদা সজাগ আছে।কোনো শিক্ষার্থী র্যাগিং বা হয়রানির শিকার হলে তার পাশে দাঁড়ানো এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা সর্বাধিক ভূমিকা রাখব। আমরা বিশ্বাস করি, সকল শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।"
ছাত্রদল নেতা নুর ইসলাম পারভেজ বলেন," হাবিপ্রবি ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করে, র্যাগিং কোনো শিক্ষাঙ্গনের সংস্কৃতি হতে পারে না। নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও মানসিক সুস্থতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ, মানবিক ও র্যাগিংমুক্ত পরিবেশ গড়ে তুলতে হাবিপ্রবি ছাত্রদল সর্বদা বদ্ধপরিকর। কোনো শিক্ষার্থী র্যাগিং, হয়রানি বা অন্য যেকোনো সমস্যার সম্মুখীন হলে হাবিপ্রবি ছাত্রদল তার পাশে থাকবে এবং সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।"
শিক্ষার্থীরা মনে করছেন; বিশ্ববিদ্যালয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও মানবিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ ক্যাম্পাস সংস্কৃতি তৈরি করা সম্ভব। তারা র্যাগিংয়ের মতো নেতিবাচক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।