দেশব্যাপী প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের ধারাবাহিকতায় মানিকগঞ্জের শিবালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও শিবালয় সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার, বিএনপি নেতা রহমত আলী ব্যাপারী লাবলু, নাসির উদ্দিন নাসির এবং উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই উদ্যোগ দেশের সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করবে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সামাজিক বনায়নের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, পরিবেশপ্রেমী নাগরিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া, উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে, অতিথিরা উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।