ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক (৪০) নামের এক রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বলিদাপাড়া মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের বলিদাপাড়া এলাকায় একটি ভবনের সাবলেট বাসায় পরিবার নিয়ে বসবাস বেশকিছু দিন ধরে করে মীর ফারুক। শুক্রবার দিবাগত রাতে তাদের সাথে সাবলেটে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করে ফারুক। শনিবার সকালে ঘটনাটি শিশুটি তার মায়ের কাছে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।