ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নৌ ডাকাতির প্রস্তুতিকালে মুন্সীগঞ্জে ১০ জন গ্রেপ্তার ইঞ্জিনচালিত নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

author
মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ দুপুর ২:৩৪
ad003
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনায় নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট ও সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহলের সময় মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও নদীর মোহনা এলাকায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে অভিযান চালানো হয়। পরে নৌকাটি থামিয়ে তল্লাশি চালিয়ে ১০ জনকে আটক করা হয়।

তল্লাশিতে নৌ ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত বলে দাবি করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ বলেন, কয়েকদিন আগে গজারিয়ার লস্করদি এলাকা থেকে দুই নৌ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাড়ি সিরাজদিখান উপজেলায়।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT