ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে বিসিক খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

author
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ সকাল ৫:১৭
ad003
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুরুত্বপূর্ণ মিয়ারহাট বিসিক শিল্পনগরী এলাকার 'বিসিক খাল' পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন, এমপি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), পিরোজপুরের বাস্তবায়নে এই খনন কাজ শুরু হয়েছে।

ভার্চুয়াল বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, "বিসিক শিল্পনগরী ও আশপাশের এলাকার জলাবদ্ধতা দূরীকরণ এবং নৌ-যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান সরকার অবহেলিত জনপদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নকাজে কোনো প্রকার অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে খনন কাজ সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছি।"

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা এই অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা আরও বৃদ্ধি করবে।

স্থানীয় প্রশাসনের উপস্থিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সংহতি উদ্বোধনকালে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। সরকারের উন্নয়নমূলক এই উদ্যোগে সংহতি ও একাত্মতা প্রকাশ করে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম লিটু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কআজহারুল ইসলাম টুটুল, সোহেল রানা মৃধাসহ স্থানীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় বিসিক শিল্পনগরীর ব্যবসাবাণিজ্য ও পণ্য পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছিল। খালটি পুনঃখননের ফলে মিয়ারহাট বিসিক এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণসঞ্চার হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT