ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি শিক্ষার্থীকে ছিনতাই-নির্যাতন, ভিডিও ছড়িয়ে মানহানি: পূর্বধলায় মূল হোতা গ্রেপ্তার

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ সকাল ৯:০৬
ad003
নেত্রকোণার পূর্বধলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছিনতাই, মারধর, জোরপূর্বক টাকা আদায় এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও নগদ অর্থের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শরিফ হোসেন রওশান গত ১০ জুন সন্ধ্যায় নেত্রকোণা শহর থেকে নতুন বাইপাস এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। ভুলবশত তিনি পূর্বধলা উপজেলার শালদিঘা এলাকায় নেমে পড়েন। পরে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার পথে তিন ছিনতাইকারীর কবলে পড়েন।

অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে নগদ ৪ হাজার ৫৬০ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা এবং ঋণ সুবিধা ব্যবহার করে আরও ১ হাজার ৫০০ টাকা নিজেদের নম্বরে স্থানান্তর করে। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দেখে তার পরিচয় জানতে পারে। এরপর তাকে অপমানজনক আচরণের শিকার করে, জোরপূর্বক ভিডিও ধারণ করে এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা ভুক্তভোগীর মানহানির কারণ হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পূর্বধলা থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
 
নেত্রকোণার পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে শনিবার রাতে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্ত শিশির আহম্মদ তালুকদার রাতুল (২২)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের কাছ থেকে ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT