ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটিতে দেশে এসে সড়কে ঝরল প্রাণ, পাকুন্দিয়ায় নিহত সৌদি প্রবাসী রুবেল

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ সকাল ১০:০৩
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শশ্মানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। প্রায় দেড় মাস আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রুবেল। পথে মির্জাপুর শশ্মানঘাট এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়।

দুর্ঘটনায় রুবেলের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT