নেত্রকোণার পূর্বধলায় ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সহায়তা প্রদান করা হয়।
সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তাঁর পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাহফুজুল হক মানার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া ১০ লাখ টাকার মধ্যে পূর্বধলা উপজেলার ৩১৯ জন উপকারভোগীর মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট অর্থের মধ্যে নেত্রকোনা সদর উপজেলার জন্য ৩০ হাজার এবং দুর্গাপুর উপজেলার জন্য ১০ হাজার টাকা সংরক্ষিত রাখা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু বলেন, বিভিন্ন ইউনিয়নের প্রকৃত অসহায় ও হতদরিদ্র পরিবারকে যাচাই-বাছাই করে এই সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি জানান, সংসদ সদস্য মানসুরা আলম এলাকার মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।