নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষক ও এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা ও কাইলাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমতলার সাপমারা এলাকার একটি কওমি মহিলা মাদ্রাসার শিক্ষক জামাল মুন্সি এবং কাইলাটি গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সকালে বৃষ্টির মধ্যে মাদ্রাসার পাশের এলাকায় মাছ ধরতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন জামাল মুন্সি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময় কাইলাটি গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের শিকার হন। স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।