কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে কয়সার আলী (৬০) নামে এক মৌসুমি কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের নাডাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়া পাড় এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমি কাঁঠাল ব্যবসায়ী কয়সার আলী সকালে মধুপুর নাডাবাড়ী গ্রামের ইসমাইল হোসেনের একটি কাঁঠাল গাছে ফল পাড়তে ওঠেন। গাছটির পাশ দিয়ে পল্লী বিদ্যুতের তার চলে গেছে। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হঠাৎ এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।