ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার কুখ্যাত বি-কোম্পানির দুই সদস্য বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ সকাল ৯:২২
ad003
খুলনার কুখ্যাত বি-কোম্পানির অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত বিল্লাল সিপাই ও তার সহযোগী রবিউল ইসলাম রনিকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সরদার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বিল্লালের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের তথ্যমতে, বিল্লাল সিপাইয়ের বিরুদ্ধে আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন, হত্যাচেষ্টা এবং অন্যান্য অপরাধে অন্তত চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে।

র‍্যাব-৬ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

র‍্যাবের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT