ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল পর্যটন স্পট রামগঙ্গা ধ্বংসের মুখে, উদ্বেগে পর্যটক ও স্থানীয়রা

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ সকাল ১০:৫৪
ad003
হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার জনপ্রিয় ও ভাইরাল পর্যটন স্পট রামগঙ্গা (চন্ডিছড়া চা বাগান) বর্তমানে ভাঙনের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। স্থানীয়দের দাবি, আর মাত্র প্রায় ৭ হাত জায়গা ভেঙে গেলে রাস্তার পাশে স্থাপিত দৃষ্টিনন্দন “বিউটিফুল চুনারুঘাট” নামফলক এবং একমাত্র যাত্রী ছাউনি সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

টানা বৃষ্টিপাত ও ভাঙনের ফলে এলাকাটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। স্থানীয়রা জানান, বর্তমান হারে বৃষ্টি অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই চুনারুঘাটের পরিচিতি বহনকারী এই নামফলকটি নদীগর্ভে বা ভাঙনের কবলে হারিয়ে যেতে পারে। 

পাশাপাশি অবস্থান করায় যাত্রী ছাউনিটিও একই ঝুঁকির মধ্যে রয়েছে। পর্যটনপ্রেমীদের মতে, “বিউটিফুল চুনারুঘাট” নামফলকটি শুধু একটি স্থাপনা নয়, বরং এটি চুনারুঘাটকে সারাদেশে নতুনভাবে পরিচিত করার একটি প্রতীক। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে এসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা এলাকার পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করেছে।

এদিকে, রামগঙ্গা প্রেমী পর্যটক ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, জরুরি ভিত্তিতে ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ করে পর্যটনবান্ধব এই স্থানটি সংরক্ষণ করা হবে। চুনারুঘাট  উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, অচিরেই ভাঙ্গন কবলিত এলাকায় কাজ শুরু হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT