স্বপ্ন ছিল গরুর খামার ঘিরে। ব্যবসা ছেড়ে শেষ সম্বল দিয়ে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি খামার। কিন্তু এক রাতেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদী এলাকায় সংঘবদ্ধ চোরচক্র খামারের তালা কেটে চারটি গরু চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন খামারি গোলাপ মিয়া।
রোববার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খামারি গোলাপ মিয়া জানান, অসুস্থতার কারণে আগের ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকার আশায় গরুর খামার গড়ে তোলেন। খামারে একটি ফ্রিজিয়ান গাভী, একটি দেশি গরু এবং দুটি ছোট ষাঁড় ছিল। প্রতিদিনের মতো রাতে গরুগুলোকে খাবার দিয়ে খামারে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘুম ভাঙার পর খামারে গিয়ে দেখেন তালা কাটা এবং সব গরু উধাও।
তিনি বলেন, “আমার যা কিছু ছিল সবই এই খামারে বিনিয়োগ করেছি। এক রাতেই সব শেষ হয়ে গেল।”
ভুক্তভোগীর ছেলে ও কলেজশিক্ষার্থী সিয়াম জানায়, পড়াশোনার পাশাপাশি বাবার খামারের দেখাশোনা করতেন তিনি। চোরচক্র পরিকল্পিতভাবে খামারের আশপাশের কয়েকটি ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে কেউ বের হয়ে বাধা দিতে না পারে।
সিয়াম বলেন, “গরুগুলোই ছিল আমাদের পরিবারের প্রধান অবলম্বন। এখন আমরা দিশেহারা হয়ে পড়েছি।”
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।