ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে পদ্মা নদীতে জেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, আহত ১

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ১০:১৫
ad003
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক জেলে আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে লাশ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন দিবাগত রাতে লালপুর থানার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকায় অবস্থান করছিলেন জেলে মো. সাহাবুল ইসলাম (৪৫) ও মো. রবিউল ইসলাম (৩৭)। এ সময় চরাঞ্চল থেকে মোটরসাইকেলে আসা ৫-৬ জন অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্ত নদীর পাড়ের কাছাকাছি অবস্থান নিয়ে নৌকাটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

গুলিতে সাহাবুল ইসলাম গুরুতর আহত হন। তার ডান কাঁধের ওপরের অংশে গুলি লেগে শরীরের সামনের অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রাণ বাঁচাতে তার সঙ্গে থাকা রবিউল ইসলাম আতঙ্কিত হয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন। পরে তিনি সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হলেও তার শরীর ও দুই হাতে সামান্য আঘাত লাগে।

নিহত সাহাবুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. ইউনুছ প্রামানিক ও সাহারা বানুর ছেলে। আহত রবিউল ইসলাম একই উপজেলার সাড়া চানমাড়ী গোরস্থান এলাকার বাসিন্দা এবং আব্দুল হক মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সাহাবুল ও রবিউল গত দুই দিন ধরে নিজস্ব শ্যালো ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। ঘটনার সময় হামলাকারীদের কাউকে চিনতে পারেননি বলে রবিউল ইসলাম জানান।

খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সেলিম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পরে লালপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ এবং একটি কালো রঙের শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT