ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ১০:৫৫
ad003
আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামেলী কার্ড পাইলটিং কর্মসূচীর তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে তার এই সফর। এই সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি সকল দপ্তর ও বিএনপি'র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  

শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া মাঠে সকাল ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ ও সভায় অংশ নেবেন।  পরে সড়কপথে এসে মৌলভীবাজার শহরের ঐতিহাসিক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা আড়াইটায় ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসমাবেশে ভাষন দেবেন। 

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে উঠে এসেছে শমশেরনগরে বিমানবন্দর পুনরায় চালু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও রাজনগর বালাগঞ্জে'র কুশিয়ারা নদীতে সেতু নির্মাণের।
 
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামেলী কার্ড পাইলটিং কর্মসূচীর আওতায় জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন ও রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলী কার্ড বিতরণ করা হবে। 

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আমাদের দলীয় তরফ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এ জেলার প্রধান দাবিগুলো হচ্ছে মেডিকেল কলেজ, বিশ্ব বিদ্যালয়, শমশেরনগরে পুনরায় বিমানবন্দর চালু ও কুশিয়ারা নদীতে সেতু তৈরি। 

রাজনগর উপজেলার কুশিয়ারা নদী এলাকার ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি জামি আহমদ মুঠোফোনে বলেন, রাজনগর ও বালাগঞ্জের কয়েক লক্ষ মানুষের দাবি কুশিয়ারায় সেতু তৈরির। প্রধানমন্ত্রী এটি পাশ করে দিলে দুই উপজেলার সেতুবন্ধন তৈরি হবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT