ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সহ তাঁর সহকারির উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন বাদী হয়ে গত রোববার রাতে সদর থানায় এই মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আশরাফ উদ্দিন মন্তু ও তাঁর সহকারী উজ্জ্বল মিয়া। আশরাফ উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।
মামলার আসামীরা হলেন শহরের কান্দিপাড়া মাইমলহাটির মজনু মিয়া-(৫০), নবীনগর উপজেলার শিবপুর গ্রামের জসিম মিয়া-(৪০) ও তার স্ত্রী চাঁদনী আক্তার-(৩৫) এবং একই গ্রামের বাবু মিয়া-(২৪)। মামলায় অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আইনজীবী আশরাফ উদ্দিন মন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র আইনজীবী। রোববার বিকেল ৪টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচ তলায় নিজের চেম্বারে নিয়মিত কাজ করছিলেন আশরাফ উদ্দিন। সে সময় মজনু, জসিম, চাঁদনী ও বাবুসহ অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে যোগসাজসে আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় প্রবেশ করেন। তারা শক্তির মহড়া প্রদর্শনসহ উচ্চস্বরে চিৎকার করে সন্ত্রাসী কায়দায় প্রাণে হত্যার জন্য আশরাফ উদ্দিনের ওপর আক্রমন করে। মজনু মিয়া হত্যার উদ্দেশ্যে আশরাফ উদ্দিনকে বাম চোখের নিচে ঘুষি মারে। আসামী জসিম মিয়াও হত্যার উদ্দেশ্যে নাকে ঘুষি দিয়ে তাকে রক্তাক্ত জখম করে। আশরাফ উদ্দিনকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর সহযোগী উজ্জ্বল মিয়া।
আসামী বাবু মিয়া হাতে এবং আসামী চাঁদনী এক পর্যায়ে ব্যাগ থেকে একটি ব্যানার বের করে উজ্জ্বলের উপর হামলা করে। এতে তিনি বাম চোখে এবং ডান হাতের কব্জিতে আঘাত পান। আইনজীবী ও তাঁর সহকারির আর্তচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজনের সহায়তায় ৪ আসামীকে আটক করে আদালত পুলিশ।
পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আইনজীবী ও তার সহকারী শরীরের একাধিক স্থানে সেলাই লেগেছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে মারধরের ঘটনায় ৪জনকে আসামী করে মামলা দায়ের করেছেন আইনজীবী আলাউদ্দিন। ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করা হয়। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।