ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৪১

author
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ দুপুর ১:৪৪
ad003
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে উল্লেখযোগ্য তৎপরতার চিত্র উঠে এসেছে। বিগত এক সপ্তাহে ঢাকা জেলা দক্ষিণ এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ৭৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

 মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় কেরানীগঞ্জ মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। 

তিনি জানান, গত ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখা (ডিবি), দোহার, নবাবগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে ২৫ জন ডাকাত, ৩৫ জন চোর, ১৯ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে ২১৬ পিস গাড়ির ব্যাটারি, ২টি ট্রাক, ১টি হাইয়েছ কার, ১টি সিএনজি, ৩টি অটোরিকশা ও ৫ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। 

শামীমা পারভীন জানান, মাদকদ্রব্যের সাথে জড়িত ১৪৬ জনকে গ্রেফতার করে ৩৫৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ কেজি গাঁজা, ৮২ গ্রাম হেরোইন ও ৫৬ লিটার মদ উদ্ধার করা হয়। এছাড়াও জিআর ও সিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত ২৯৬ জন, নিয়মিত মামলায় ১৩৫ জন ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরও জানান, ঢাকা জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পুলিশের কার্যক্রমে বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT