নেত্রকোণায় চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতের এক নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নেত্রকোনা সদর আমলী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক নজরুল ইসলাম (৩৬) নামে ওই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নজরুল ইসলাম সদর উপজেলার বাংলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং কয়ড়া গ্রামের নাইব উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, একই মামলায় নজরুল ইসলামের সঙ্গে আরও তিনজনকে আসামি করা হয়েছে। মামলার বাদী কয়ড়া গ্রামের ব্যবসায়ী মো. রুবেল রানা, যিনি ‘মেসার্স সন্ধি ট্রেডার্স’ নামে বালু, পাথর ও কয়লার ব্যবসা পরিচালনা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত বছরের ৭ জুলাই সন্ধ্যায় জেলা শহরের অজহর রোড এলাকায় তার গাড়ির গতিরোধ করে জোরপূর্বক মোক্তারপাড়া মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে মুঠোফোনে হুমকি দেওয়ার পাশাপাশি ঘটনার আংশিক দৃশ্য নিকটস্থ একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও দাবি করা হয়েছে।
বাংলা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মশিউর রহমান বলেন, নজরুল ইসলাম তাদের ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলে শুনেছি। তবে মামলার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানা নেই।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রদীপ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।