নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
সরকারের মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি নাসির মিয়া, নূরনবী ভূঁইয়াসহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড কিংবা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, “কোনো অসহায় পরিবার যেন খাদ্য সংকট বা বাসস্থানের সমস্যায় কষ্ট না পায়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের হাতে খাদ্যশস্য, শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ মঞ্জুরির নগদ অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা।