কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে টিউবওয়েল ব্যবহারকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই মানিক মিয়া (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রাজিব মিয়াকে তিন ঘণ্টার মধ্যেই পুলিশ আটক করেছে।
বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির টিউবওয়েল ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ছোট ভাই রাজিব মিয়া প্রায়ই ওই টিউবওয়েল ব্যবহার করতেন, এতে সমস্যা তৈরি হতো। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও বিরোধের সমাধান হয়নি।
ঘটনার দিন দুপুরে রাজিব মিয়া আবারও টিউবওয়েল ব্যবহার করতে গেলে বড় ভাই মানিক মিয়া তাকে বাধা দেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজিব মিয়া বড় ভাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং কোদাল দিয়ে গলায় একাধিক আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিক মিয়াকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ফাতেমা আক্তার ও তার সন্তানরা হাসপাতালে গিয়ে মানিক মিয়ার মরদেহের পাশে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজিব মিয়াকে তার এলাকার একটি বিলের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।