সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দুর্গম উমারপুর ইউনিয়নের পাথরাইল চরে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. ওমর ফারুক। তিনি উপজেলার মধ্যশিমুলিয়া এলাকার বাসিন্দা।
থানা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়মিত টহল ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং চৌহালী থানা পুলিশের সহযোগিতায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে পাঁচ পিচ ইয়াবাসহ ওমর ফারুক, পিতা মো: আব্দুস সালামকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের রায় কার্যকর করতে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এবিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ফরিদ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে চৌহালী থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক সেবন, বহন কিংবা ব্যবসা—কোনো অপরাধই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ ও প্রশাসনের এই যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত চৌহালী গড়ে তুলতে অভিভাবক, জনপ্রতিনিধিসহ সচেতন নাগরিক সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে প্রশাসনের এমন তাৎক্ষণিক তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এই কঠোর অবস্থান তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।