মানিকগঞ্জের পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় যমুনা নদীতে পড়ে যাওয়া এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।
বুধবার সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে অজ্ঞাতনামা ঐ ব্যক্তি পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকা থেকে নদীতে পড়ে যান। পরে, তিনি নদীর স্রোতে ভাসতে থাকেন।
খবর পেয়ে, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ডিউটিরত নৌ থানার এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পাটুরিয়া সোলার প্যানেল এলাকার সামনে যমুনা নদীতে ভাসমান অবস্থায় ঐ ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে পাটুরিয়া নৌ থানার ওসি, কে এম নজরুল, পিপিএম বলেন, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। সে মানসিক ভারসাম্যহীন, দীর্ঘদিন যাবত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘোরাফেরা করত। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।