সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বালু নদীর ওপর নির্মাণাধীন দুটি অসমাপ্ত সেতু পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) পূর্বাচল ৩০০ ফিট সড়ক হয়ে রূপগঞ্জে এসে তিনি প্রথমে ইছাপুরা বাজার এলাকার নির্মাণাধীন ইছাপুরা সেতু পরিদর্শন করেন। পরে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় বালু নদীর ওপর নির্মাণাধীন অপর সেতুর কাজের অগ্রগতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান কাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সেতু দুটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোলাম ফারুক খোকন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সেতু দুটির নির্মাণকাজ দ্রুত শেষ হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। এজন্য সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।