ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় র‌্যাবের অভিযানে পিস্তল উদ্ধার, পালিয়ে গেল অস্ত্র কারবারি চক্র

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ১১:১৫
ad003
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানের সময় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র কারবারি চক্রের সদস্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

র‌্যাব সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা ও প্রত্যন্ত অঞ্চলে একটি চক্র অবৈধ অস্ত্রের কেনাবেচা এবং সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী মানুষউড়া এলাকায় অস্ত্রের চালান হাতবদলের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে এলাকায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজন অস্ত্র কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব তাদের ধাওয়া করলে একটি লাল রঙের বাজারের ব্যাগ ফেলে তারা অন্ধকারে আত্মগোপন করে।

পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়। র‌্যাব সদস্যরা আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-১৪-এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি আইনানুগ প্রক্রিয়া শেষে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অস্ত্র কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং একাধিক দল কাজ করছে।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “র‌্যাব-১৪ উদ্ধার করা আগ্নেয়াস্ত্র থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT